সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রচারে বের হয়ে এক বৃদ্ধার জলের বালতি তাঁর বাড়িতে পৌঁছে দিতে দেখা গেল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুইকে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূল নেতৃত্ব। রবিবার ছুটির দিন সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রচারে বের হন সব দলেরই প্রার্থী। এদিন সকালে দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকা ও নিশান হাট বস্তি এলাকায় প্রচারে গিয়েছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুই। নিশানহাট বস্তি এলাকায় প্রচার করার সময় এক বৃদ্ধাকে তিনি দেখতে পান কলতলা থেকে দুটি বালতিতে জলের বোতল ভরে বাড়ি ফিরতে। তা দেখেই তিনি ওই বৃদ্ধার কাছে এগিয়ে যান এবং তার কাছ থেকে বালতি দুটি নিয়ে বলেন,চলুন আপনার বাড়ি পৌঁছে দি। তিনি বালতি বহন করে কিছুটা দূরে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেন। এই ঘটনার সূত্রে লক্ষণ ঘোড়ুই অভিযোগ করে বলেছেন, এই এলাকায় শুধু পানীয় জলের সমস্যাই নয়,অন্যান্য পরিষেবাও বেহাল। একই সঙ্গে তিনি ওই বৃদ্ধা সহ এলাকার লোকজনদের বলেন,বিজেপি ক্ষমতায় এলে কাউকে দূরে গিয়ে জল বহন করে আনতে হবে না। বাড়িতেই পানীয় জল পাবেন। এনিয়ে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি কাজল ব্যানার্জী বলেন,আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। আর ওরা সামনে ভোট এসেছে বলে মানুষের পাশে থাকতে এসেছে। সারা বছর ওদের এলাকায় দেখা যায় না। মানুষ সবই বুঝতে পারছে। ওদের মানুষ প্রত্যাখ্যান করবে।
প্রচারে বের হয়ে এক বৃদ্ধার জলের বালতি বাড়ি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী
