মনোনয়নে উৎসবের আবহ, তৃণমূলের মিছিলে জনসমুদ্র দুর্গাপুরে

সংবাদদাতা দুর্গাপুর: জিতছে বাংলা, জিতছে দুর্গাপুর’—এই স্লোগানকে সামনে রেখে মনোনয়ন জমার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার চতুরঙ্গ ময়দান থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে মনোনয়নপত্র জমা দেন দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার ও পশ্চিমের প্রার্থী কবি দত্ত।

দিনের শুরুতে প্রদীপ মজুমদার বেনাচিতির ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেন। সেখানে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের সঙ্গে সৌজন্য বিনিময়ের দৃশ্য রাজনৈতিক সৌজন্যের বার্তাও তুলে ধরে। এরপর দুই প্রার্থী একসঙ্গে মিছিলে অংশ নেন। ঢাক-ঢোল, পতাকা ও ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।


প্রদীপ মজুমদার বলেন, “মানুষ সব বোঝে, মানুষ আমাদের সঙ্গে আছে,আমরা বিপুল ভোটে জিতব।” এই জনসমাগমকে ঘিরে তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস স্পষ্ট। এদিন প্রচারের গতি আরও বাড়াতে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে সাংসদ তথা টলিউড অভিনেতা দেব উইলিয়াম কেরি রোড থেকে রঘুনাথপুর পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো করেন।

রাস্তাজুড়ে মানুষের ভিড় ও উচ্ছ্বাস নজর কেড়েছে।
জনসমর্থনের এই দৃশ্যই নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে,এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *