দুর্গাপুর: দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগ। সামনের দরজা বাইরে থেকে বন্ধ, অথচ পিছনের দরজা খোলা। ঘরে ঢুকতেই চোখে পড়ে তছনছের ছবি। আলমারি ভেঙে উধাও বিপুল পরিমাণ সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র। অভিযোগ, চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য ৭০ থেকে ৮০ লক্ষ টাকা।ঘটনাটি গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপুরের বেনাচিতির ৩/৩ নিবেদিতা প্লেসের। পরিবারের দাবি, দুপুর ১২টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে বাড়িতে কেউ ছিলেন না। ফিরে এসে সামনের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেলেও পিছনের দিকে যেতেই নজরে আসে খোলা দরজা। এরপর বাড়ির উপরে গিয়ে দেখা যায়, ঘরের ভিতর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারি খুলে সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। ধৃতরা হল ১৮ বছরের মহম্মদ আমির এবং ৪০ বছরের মহম্মদ করিম। FIR No. 529/26-এর ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাঁদের দুর্গাপুর আদালতে পেশ করা হবে। তদন্তের প্রয়োজনে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।তবে এখনও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর মেলেনি। বাড়ি ফাঁকা থাকার খবর অভিযুক্তদের কাছে কীভাবে পৌঁছল? পিছনের দরজা দিয়েই কি বাড়িতে প্রবেশ করেছিল তারা? আর চুরি যাওয়া ৭০ থেকে ৮০ লক্ষ টাকার গয়না এখন কোথায়? ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।
