সংবাদদাতা, দুর্গাপুর : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করে রানীগঞ্জ ও পাণ্ডবেশ্বর, এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল তৃণমূল। শুক্রবার পৃথক পৃথক কর্মসূচিতে দুই প্রার্থীই কাজের খতিয়ান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। এদিন অন্ডাল এলাকায় রানীগঞ্জের তৃণমূল প্রার্থী কালোবরণ মন্ডল এক অভিনব কায়দায় নির্বাচনী প্রচার শুরু করলেন। দিগনালা কার্যালয়ের সামনে তিনি উন্মোচন করেন ‘প্রতিজ্ঞা স্তম্ভ’।

তাঁর ইশতেহারে সবচেয়ে বড় চমক হলো একটি আধুনিক সুপারস্পেশ্যালিটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি। খনি অঞ্চলের মানুষের ফুসফুসজনিত সমস্যা ও ক্যান্সারের মতো মারণ রোগের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্য নিয়েছেন তিনি। পাশাপাশি, হিন্দি ভাষী মেয়েদের জন্য নতুন স্কুল এবং কলেজে প্রফেশনাল কোর্স চালুর মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই পাশাপাশি শহরের পরিকাঠামো উন্নয়নে এনএসবি রোড কংক্রিট করা, দই পুকুর সংস্কার, অন্ডালে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মতো প্রকল্পও তাঁর ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে, পাণ্ডবেশ্বর বিধানসভার প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর ‘প্রথম ইনিংস’-এর সাফল্যের ওপর ভিত্তি করেই সাজিয়েছেন আগামীর পরিকল্পনা। তাঁর ইশতেহারে গত দুই বছরের উন্নয়নকেই তুলে ধরেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাস্তাঘাট, পানীয় জল ও জনকল্যাণমূলক প্রকল্পে উল্লেখযোগ্য কাজ হয়েছে। পাশাপাশি আগামী দিনের উন্নয়নের জন্য একটি সুসংগঠিত রোডম্যাপও প্রকাশ করা হয়েছে।
তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন এই ইস্তেহার যাতে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি পঞ্চায়েত ও ব্লকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। তাঁর মতে এতে মানুষ সরাসরি জানতে পারবেন তাদের জন্য কি কাজ করা হয়েছে এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, উন্নয়নকেই মূল ইস্যু করে ভোটের লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস দেখাচ্ছে শাসকদল।
