শিল্প ফেরানোর ডাক, ‘কর্মভূমি’তে চাকরির ভরসা: ভোটের মুখে দুর্গাপুরে প্রকল্প-ভিত্তিক ইশতেহার

সংবাদদাতা , দুর্গাপুর : বিধানসভা ভোট ঘনাতেই ইস্পাত শহরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। এই পরিস্থিতিতে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত এবং পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার তাঁদের নির্বাচনী রূপরেখা প্রকাশ করে প্রচারে নতুন গতি আনলেন।
কবি দত্ত শিল্পাঞ্চলের পুনর্জাগরণ ও কর্মসংস্থানকে সামনে রেখে ‘কর্মভূমি’ পোর্টালের কথা ঘোষণা করেন। তাঁর দাবি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় যুবকদের তথ্য সরাসরি শিল্প সংস্থার সঙ্গে যুক্ত হবে, যার ফলে নতুন চাকরির সুযোগ তৈরি হবে। পাশাপাশি হকারদের পুনর্বাসন, জমির নথি সংক্রান্ত সমস্যার সমাধান, দূষণ নিয়ন্ত্রণ ও পরিকাঠামো উন্নয়নের আশ্বাসও রয়েছে তাঁর পরিকল্পনায়।


অন্যদিকে প্রদীপ মজুমদার জোর দিয়েছেন শহরের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে। আধুনিক বাস টার্মিনাস, হাসপাতালের পরিষেবা সম্প্রসারণ, জল সরবরাহ বৃদ্ধি, শিল্প ইউনিটের বিস্তার এবং পথচারীদের নিরাপত্তায় ওভারব্রিজ-আন্ডারপাস তৈরির মতো একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।রাজনৈতিক মহলের মতে, কর্মসংস্থান ও নাগরিক সুবিধার এই যুগল প্রতিশ্রুতি ভোটারদের কতটা প্রভাবিত করে, তারই পরীক্ষার মঞ্চ হতে চলেছে আসন্ন নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *