সংবাদদাতা,দুর্গাপুরঃ সিন্ডিকেট ও দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দুপুরে রানিগঞ্জ,পাণ্ডবেশ্বর ও জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ, জিতেন্দ্র তেওয়ারি ও ডাঃ বিজন মুখোপাধ্যায়ের সমর্থনে রানিগঞ্জ বিধানসভার অন্ডালের খান্দরা ফুটবল ময়দানে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে আসেন অমিত শাহ। এখানেও তিনি অনুপ্রবেশ নিয়ে বাংলার সরকারকে তীব্র আক্রমন করে বলেন,“মমতা সরকারের পতন মানেই অনুপ্রবেশ মুক্ত বাংলা। দিদি বা ভাইপো অনুপ্রবেশ রুখতে পারবেন না। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারবে”। শাহ অভিযোগ করে বলেন, “রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষায় সমস্যা হচ্ছে”। এ নিয়ে তাঁর প্রতিশ্রুতি, “রাজ্যে বিজেপির সরকার আসার ৪৫ দিনের মধ্যে সেই ৬০০ একর জমিতে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। ৫ মে বিকেল থেকে অনুপ্রবেশকারীরা পাততাড়ি গুটাতে শুরু করবে। নাহলে তাদেরকে দেশ ছাড়া করা হবে”। বাংলার তৃণমূল সরকারের শাসন ব্যবস্থাকে ‘মাফিয়া রাজ’ বলে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিন্ডিকেট রাজ আসলে ‘ভাইপোর সিন্ডিকেট’। এই সিন্ডিকেটের ভয়ে বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে”। তিনি সমাজবিরোধীদের কড়া বার্তা দিয়ে বলেন, “২৩ এপ্রিল গুন্ডারা যেন ঘর থেকে বের না হয়,হলেই বিপদ”। প্রচারসভায় বাংলার মহিলাদের উদ্দেশ্যে শাহ বলেন,বিজেপি ক্ষমতায় এলে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও বৃদ্ধ ও প্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। বিজেপির তিন হাজার করে টাকা দেওয়ার প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘টাকা কোথায় পাবেন?’ সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে শাহ বলেন, “ভাইপোর দুর্নীতি করে পাওয়া অ্যাকাউন্টে যে বিপুল টাকা আছে,সেখান থেকেই মহিলাদের ৩ হাজার আর যুবকদের ৩ হাজার ভাতার টাকা দেওয়া হবে”। বাংলায় বাবরি মসজিদ করার চেষ্টা সফল হতে দেব না বলেও তিনি হুঁশিয়ারী দেন।
খান্দরার সভায় একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ অমিত শাহের
