তৃণমূল-বিজেপি আসলে ‘সেটিং-এর দোসর’, দুর্গাপুরের সভা থেকে আক্রমণ শানালেন মহঃ সেলিম

সংবাদদাতা , দুর্গাপুর : ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল সিপিআইএমের জনসভা। রবিবার দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে সিপিআইএমের ডাকে আয়োজিত বিশাল জনসভায় উপস্থিত থেকে রাজ্য সম্পাদক মহঃ সেলিম সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। দুর্গাপুর পূর্বের সিপিআইএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জী এবং পশ্চিমের প্রার্থী প্রভাস সাইঁয়ের সমর্থনে আয়োজিত এই সভায় সেলিমের নিশানায় ছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে আরএসএস-এর ‘বিভাজনের রাজনীতি’।সভা মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ভোটার তালিকা তৈরির বদলে “ভোটের অঙ্ক কষতেই ব্যস্ত” গেরুয়া শিবির। আরএসএস-এর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন—”আরএসএস বছরের পর বছর রোহিঙ্গা আর জেহাদির জুজু দেখাচ্ছে। কিন্তু বাস্তবে কতজন ধরা পড়েছে? উল্টে নামের বানানের ভুলের অজুহাতে আদিবাসী, মতুয়া, তপশিলি ও মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে।”তিনি নির্বাচন কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে কটাক্ষ করে বলেন, “যে কমিশন একটি নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি করতে পারে না, তারা নিরপেক্ষ ভোট করাবে কী করে?”এদিন তৃণমূল ও বিজেপি—উভয় শিবিরকেই ‘মিথ্যার রাজনীতি’র অভিযোগে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর বক্তব্য, “চাকরি, ভাতা, উন্নয়ন—সব ক্ষেত্রেই মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। জব ফেয়ারের নামে নকল নিয়োগপত্র দেওয়া হয়েছে।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরোক্ষে আক্রমণ করে তিনি বলেন, “দুজনেই নিজেদের ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলেছেন। কাজেই এঁদেরকে বিশ্বাস করলে ঠকতে হবে?”দলবদল ইস্যুতে নাম না করে দুর্গাপুরের এক প্রাক্তন বাম নেতা, যিনি বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁকে তির্যক মন্তব্য করে বলেন, “বিয়ে বাড়িতে যেমন সুস্বাদু মেনু থাকে, তেমনই ভ্যাটের জঞ্জালও থাকে। দুর্গাপুর থেকেও এক জঞ্জাল সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছে। আপনাদের ঠিক করতে হবে আপনারা সুস্বাদু খাবার (আদর্শ) বেছে নেবেন না কি জঞ্জাল।”যদিও এপ্রসঙ্গে বিশেষ পাত্তা না দিয়ে তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় বলেন, “সিপিএম নিজেদের ইস্তেহারেও ভাতার কথা বলছে। তাহলে আগে ওরা নিজেদের দোষ স্বীকার করুক তারপর অন্যদের বলবে।” জঞ্জাল ও সুস্বাদু খাবার প্রসঙ্গে তিনি বলেন, “রাতের অন্ধকারে ওয়েস্টিং হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে মহঃ সেলিম সুস্বাদু খাবার খেয়ে অন্যদের জঞ্জাল মনে করছেন। আসলে উনি নিজেই জঞ্জাল সেটা আস্তে আস্তে সবাই বুঝতে পারছে। সিপিএম এমনিতেও শূন্যে আছে এবার মাইনাসে গিয়ে থামবে।”এখন দেখার, এই আক্রমণাত্মক প্রচার ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *