সংবাদদাতা দুর্গাপুরে : অমিত শাহর রোড শো শেষ হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল শিল্পাঞ্চলে। বাঁকুড়া মোড় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে অন্তত দু’জন কর্মী গুরুতর জখম হন বলে জানা গেছে।আহতদের রক্তাক্ত অবস্থায় দ্রুত ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই এবং তৃণমূল প্রার্থী কবি দত্ত। দু’পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে পাল্টা অভিযোগ করতে শুরু করে।
বিজেপির দাবি, তাদের কর্মী রবি দাসকে শুধুমাত্র অমিত শাহর রোড শোতে অংশ নেওয়ার ‘অপরাধে’ মারধর করা হয়েছে এবং তার মাথা ফাটানো হয়েছে। প্রশ্ন উঠছে,রাজনৈতিক মত প্রকাশ কি এখন আক্রমণের কারণ হয়ে উঠছে? এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজনীতি’র অভিযোগ তুলেছেন লক্ষণ ঘোড়ুই।

অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপিই ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। প্রার্থী কবি দত্ত বলেন, “অশান্তির আগুন জ্বালানো সহজ, কিন্তু তা নেভানো কঠিন।”ঘটনাকে ঘিরে এলাকায় এখনও টানটান উত্তেজনা। নির্বাচনের মুখে এই ধরনের সংঘর্ষ গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
