“স্থানীয়দের কাজ আগে”— দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান রবিবার পরিণত হল রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ মঞ্চে। সেখানে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় কর্মসংস্থানের প্রশ্নে স্পষ্ট অবস্থান তুলে ধরলেন।তিনি বলেন, দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় বহু বেকার যুবক-যুবতী থাকা সত্ত্বেও বাইরে থেকে শ্রমিক এনে কাজ দেওয়ার অভিযোগ তার কাছে এসেছে। এই ধরনের প্রবণতাকে তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না বলেই জানিয়ে দেন। দলীয় পরিচয় নির্বিশেষে, এই ধরনের অনিয়মে যুক্ত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী।


এদিনের সভা থেকে তিনি আরও জানান, দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত এবং দুর্গাপুর পূর্বে প্রদীপ মজুমদারকে জয়ী করলে স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি অগ্রাধিকারের তালিকায় থাকবে। এই বার্তার মাধ্যমে নির্বাচনের আগে কর্মসংস্থানকেই বড় ইস্যু হিসেবে তুলে ধরলেন তিনি।
অন্যদিকে, তৃনমূল প্রার্থী কবি দত্ত জানান, তার নির্বাচনী ইশতেহারে স্থানীয়দের জন্য কাজের সুযোগ তৈরির বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই প্রতিশ্রুতি আরও জোরালো হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে এই জনসভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ, যা ভোটের আগে রাজনৈতিক সমীকরণকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
স্থানীয় কর্মসংস্থানকে সামনে রেখে দুর্গাপুরে নির্বাচনী বার্তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী, ভোটের ময়দানে এটি যে বড় ইস্যু হতে চলেছে, তা নিয়ে ওয়াকিবহাল মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *