মমতার পদযাত্রায় শক্তির বিস্ফোরণ, শিল্পাঞ্চলে ঘাসফুলের দাপট

সংবাদদাতা দুর্গাপুর : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরে নজিরবিহীন জনসমাগমের সাক্ষী থাকল শিল্পশহর। শুক্রবার স্টীল মার্কেট পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি টি এন স্কুল পর্যন্ত প্রায় ১.৯ কিমি জুড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কার্যত এক জনসমুদ্রে পরিণত হয়। নীল-সাদা শাড়িতে পরিচিত ছন্দে এগিয়ে চলা নেত্রীকে ঘিরে উচ্ছ্বাস, আবেগ আর রাজনৈতিক বার্তার মেলবন্ধন স্পষ্ট হয়ে ওঠে গোটা কর্মসূচিতে।


সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে শুরু করে স্টীল মার্কেটের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় বিস্তীর্ণ জনস্রোতে। কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি এবং ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ফুল ছিটিয়ে ও বরণ ডালা সাজিয়ে স্বাগত জানান তাঁদের ‘দিদি’কে। রাজনৈতিক মিছিলের সীমানা ছাড়িয়ে এই পদযাত্রা কার্যত এক বৃহৎ গণউৎসবে রূপ নেয়।এদিন মমতার একেবারে পাশে ছিলেন দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। দলনেত্রীর উপস্থিতিতে এই সম্মিলিত পদযাত্রা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করে। এদিন নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া নজরদারি। গোটা রুট জুড়ে সিসিটিভি ও ড্রোনে পর্যবেক্ষণ চালানো হয়, মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে বিপুল জনসমাগম সামলাতে মাঝে মধ্যেই চাপে পড়তে হয় নিরাপত্তারক্ষীদের।
ভোটের আগে এই বিপুল জনসমর্থন যে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তা স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। দুর্গাপুরের মাটিতে এই শক্তি প্রদর্শন ঘাসফুল শিবিরের সংগঠনিক দৃঢ়তা এবং জনভিত্তির ইঙ্গিত বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *