সংবাদদাতা, দুর্গাপুর :দুর্গাপুরের ধান্ডাবাগ সংলগ্ন সুকান্তপল্লীর গড়াই পাড়ার একটি দীর্ঘদিন পরিত্যক্ত মন্দির পুকুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই পুকুরটি ব্যবহারবর্জিত অবস্থায় পড়ে রয়েছে।
মঙ্গলবার সকালে পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ মণ্ডল বলেন, “সকালে খবর পাই পুকুরে একটি মৃতদেহ ভাসছে। কে তা চিনতে পারিনি।

সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।”এলাকার প্রাক্তন কাউন্সিলার সুশীল চট্টোপাধ্যায় জানান, “পাড়ার লোকজনের কাছ থেকেই বিষয়টি জানতে পারি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মদ্যপ অবস্থায় জলে নামায় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগে পুকুরটি ব্যবহৃত হলেও এখন আর কেউ ব্যবহার করে না।”
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন।
