সংবাদদাতা,দুর্গাপুরঃ আগের চারটি ইউনিট বন্ধ করে দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশন তথা ডিভিসি তাদের নতুন ৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ ইউনিট গড়ে তোলার কাজ শুরু করেছে দুর্গাপুরে। এই প্রকল্পের জন্য তারা ১০ হাজার কোটি টাকা ব্যয় করবে। নতুন বিদ্যুৎ ইউনিটের পাশাপাশি এলাকার উন্নয়নে একাধিক সামাজিক কাজের প্রকল্পও করা হবে বলে ডিভিসি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল।

এই আবহে এদিন ডিভিসির উদ্যোগে এলাকায় একটি অত্যাধুনিক স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন করা হয়। এখানে শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাই-টেক স্কুলটির উদ্বোধন করেন। চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন,নতুন বিদ্যুৎ ইউনিটের কাজ এগিয়ে চললেও আমাদের লক্ষ্য শুধু শিল্পোন্নয়ন নয়, সামাজিক উন্নয়নও। এই স্কুলের মাধ্যমে এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল শিশুদের শুধু বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা দেওয়া হবে না,সেই সঙ্গে তাদের জন্য আধুনিক ক্রীড়া সুবিধাও করা হবে। এই অনুষ্ঠানে ডিভিসির উপদেষ্টা দিলীপ অগস্তি, তথাগত পাণ্ডে এবং ডিটিপিএসের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ডিভিসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
