“সমস্ত পরিকাঠামো প্রস্তুত”—গণনার আগে কড়া বার্তা জেলাশাসকের

সংবাদদাতা দুর্গাপুর :ভোট গণনার প্রাক্কালে দুর্গাপুরে প্রশাসনিক তৎপরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থাকে নির্ভুল ও নির্ভেজাল রাখতে স্ট্রং রুম পরিদর্শনে নামলেন জেলার শীর্ষ আধিকারিকরা। এদিন জেলাশাসক পন্নামভালাম এস, পুলিশ কমিশনার প্রণব কুমার এবং ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে এক উচ্চপর্যায়ের দল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে সংরক্ষিত স্ট্রং রুমের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় প্রবেশ ও নির্গমন ব্যবস্থার কঠোরতা, নজরদারি ব্যবস্থার কার্যকারিতা এবং নিরাপত্তা বলয়ের স্তরবিন্যাস খুঁটিয়ে দেখা হয়।

প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনওভাবেই যাতে বহিরাগত বা অননুমোদিত ব্যক্তি স্ট্রং রুম সংলগ্ন এলাকায় প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বহুমাত্রিক নজরদারি চালু রয়েছে।স্ট্রং রুম চত্বরে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, যাতে কোনও ধরনের তথ্য ফাঁস বা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি না হয়। পাশাপাশি উন্নতমানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা বলয়ে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ও বিশেষ প্রশিক্ষিত আধিকারিকরা।
জেলাশাসক পন্নামবলাম এস পরিদর্শন শেষে বলেন, “সমস্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে। কাউন্টিং অফিসার, কাউন্টিং এজেন্ট এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিচয়পত্র যাচাই করেই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আমরা সবদিক থেকেই প্রস্তুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *