সংবাদদাতা, দুর্গাপুর : রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই পথ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম কার্যকর করতে আরও সক্রিয় হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। সেই নির্দেশ মেনে বুধবার সকাল থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সিটি সেন্টার সংলগ্ন আম্বেদকর স্মরণী এলাকায় বিশেষ সচেতনতামূলক অভিযান চালায়।এদিনের অভিযানে মূলত নজরে ছিল অটো ও টোটোতে অতিরিক্ত যাত্রী পরিবহণের প্রবণতা। প্রায়শই দেখা যায়, অতিরিক্ত লাভের আশায় নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী তোলা হচ্ছে, যা যাত্রীদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়। অভিযানে একাধিক নিয়মভঙ্গকারী যানবাহন আটক করা হয় এবং চালকদের কড়াভাবে সতর্ক করা হয়।

শুধু গণপরিবহণ নয়, দু’চাকার যান চালকদের ক্ষেত্রেও এদিন ছিল বিশেষ নজরদারি। হেলমেট ছাড়া বাইক চালানো রুখতে পুলিশ একদিকে যেমন আইনি ব্যবস্থা নিয়েছে, তেমনই সচেতনতার বার্তাও পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের কাছে।এদিন এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার জানান,
“পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে আরও সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়েছে, হেলমেটবিহীন বাইক আরোহীদের যেন পেট্রোল না দেওয়া হয়।”পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও কমিশনারেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান চলবে। প্রশাসনের আশা, কঠোর নজরদারি ও নিয়ম মানার অভ্যাস গড়ে উঠলে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে।শহরের ব্যস্ত রাস্তায় পুলিশের এই সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। নিরাপদ পথযাত্রার স্বার্থে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তাই যেন এদিন আরও একবার স্পষ্ট করে দিল প্রশাসন
