কোয়ার্টার লাইসেন্সিং সহ ৬ দফা দাবিতে ডিএসপির নগর প্রসাসনিক ভবনে বিক্ষোভ ‘আইএনটিইউসি’ র

দুর্গাপুর :- দুর্গাপুর ইস্পাত নগরীতে বসবাসকারী ডিএসপি কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে চলছে অচলাবস্থা। সেই সঙ্গে রয়েছে নানা নাগরিক পরিষেবার সমস্যা। এই সব বিষয় নিয়ে সোচ্চার হলো ডিএসপির আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন ‘। শুক্রবার তীব্র গরম উপেক্ষা করে ইউনিয়নের সদস্যরা রাজীব গান্ধী স্মারক ময়দান থেকে মিছিল করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) মুখ্য নগর প্রশাসনিক কার্য্যালয়ের সামনে পৌঁছন এবং সেখানে তাদের দাবিগুলি তুলে গণবিক্ষোভ সভা করেন। এদিন তাঁরা মোট ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন ডিএসপির সিজিএম (টাউন সার্ভিস) অরূপ দত্ত চৌধুরীর হাতে। দাবিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো কোয়ার্টার লাইসেন্সিং।

বিগত সময়ে ডিএসপি কতৃপক্ষ বারবার একাধিক শর্ত আরোপ করেছে। ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের ওপর ক্রমশ মানসিক চাপ বেড়ে চলেছে। অন্য দাবিগুলির মধ্যে রয়েছে টাউনশিপের বেহাল রাস্তাঘাট মেরামত, পর্যাপ্ত পরিমাণে দুবেলা পানীয় জল সরবরাহ, উন্নত বিদ্যুৎ পরিষেবা। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, টাউনশিপের নাগরিক পরিষেবা খুবই বেহাল হয়ে পড়েছে। টাউনশিপের রাস্তাঘাটের হাল খুবই বেহাল হয়ে পড়েছে। মাঝেমধ্যেই পথ দূর্ঘটনা ঘটছে। এসব নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনিক কর্তাদের। অতি সত্তর রাস্তাঘাট মেরামত করতে হবে কতৃপক্ষ কে। জল, বিদ্যুতের সমস্যার সঙ্গে রয়েছে ইস্পাতনগরীর বিভিন্ন এলাকায় বিপদজনক পার্থেনিয়ামের ঘন জঙ্গলের বাড়বাড়ন্ত। দীর্ঘদিন কোনো সাফাই অভিযান করা হচ্ছে না। এর ফলে টাউনশিপে মশার উপদ্রব খুব বাড়ছে। আমরা কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে বহুদিন থেকেই লাগাতার লড়াই, আন্দোলন করলেও কর্তৃপক্ষ উদাসীন। প্রশাসনের অবিলম্বে ঘুম না ভাঙলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াই, আন্দোলনে নামবো। এদিনের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, সহসভাপতি রাণা সরকার, রবীন গাঙ্গুলী, শুভঙ্কর বোস, অভিজিৎ সিনহা, সঞ্জীব ঘোষ, দীপঙ্কর দুবে, কৌশিক ব্যানার্জী, সমীর রায় সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। কতৃপক্ষ আইএনটিইউসি নেতৃবৃন্দ কে দাবিগুলি বিবেচনার সাথে যথাযথ সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *