নিজস্ব সংবাদদাতা:- নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে এল লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর। রবিবার ক্লাবের নিজস্ব সভাকক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজেপির দুই বিধায়ককে সংবর্ধনা দেওয়া হল। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লখন ঘরুই ও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জীকে উত্তরীয়, মানপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন ক্লাব কর্তৃপক্ষ। লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাব সচিব সুমের চন্দ্র শর্মা, প্রাক্তন সভাপতি সুশোভন ব্যানার্জী ও লায়ন্স আই হসপিটালের চেয়ারম্যান চন্দন দে।
রাজনৈতিক ক্ষেত্র থেকে যোগ দেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, মণ্ডল সভাপতি তেজ নারায়ণ পাণ্ডে, সঞ্জিৎ সিকদার, প্রেমনাথ মুখার্জী, অবধেশ কিশোর মিশ্র, দেবনাথ স্বর্ণকার, রাম অবতার আগরওয়াল, পার্থ সারথি দাসগুপ্ত, প্রবীর ব্যানার্জী, সৈকত আইচ ও আফতাব হুসেন। এছাড়াও শহরের বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনার উত্তরে বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, “লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে দুর্গাপুরে স্বাস্থ্য ও সমাজসেবায় কাজ করছে। শিল্পশহরের উন্নয়নে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোব।” বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী আশ্বাস দেন, “শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মতো ক্ষেত্রে ক্লাবের যে কোনো উদ্যোগে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে।
নতুন সরকার গঠনের আনন্দ ভাগ করে নিতে অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় প্রীতিভোজের। উপস্থিত সকল অতিথি ও সদস্যদের মাছ-ভাত পরিবেশন করা হয়। ক্লাব সভাপতি রাকেশ ভট্টড় বলেন, “জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় থাকলে উন্নয়নের কাজ গতি পায়। আজকের এই সংবর্ধনা সেই সমন্বয়েরই সূচনা।
দুর্গাপুরে বিজেপির দুই বিধায়ককে লায়ন্স ক্লাবের সংবর্ধনা, নতুন সরকারের খুশিতে মাছ-ভাতের আয়োজন
