দুর্গাপুর: দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় এলাকার সুকুমার দত্তের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাস এবং তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা থেকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ।

থানা থেকে সুকুমার দত্তকে বের করার সময় বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। তারপরেই একের পর এক ডিম তাকে লক্ষ্য করে ছোড়া হয়। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়, নিউ টাউনশিপ থানার পুলিশকে। বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন রায় দাবি করেন,”দুর্নীতি করেছে। গরিব মানুষের টাকা লুট করেছে। তাই আজ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। সুকুমার দত্তকে লক্ষ্য করে ডিম ছুড়ছে।”
