দুর্গাপুর: পুজোর মরশুমে শিল্পাঞ্চল দুর্গাপুরে একের পর এক পথদুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর ঘটনা। বেপরোয়া গতি, অসতর্কতা এবং ট্রাফিক নিয়ম অমান্য করার মতো বিষয়গুলি নিয়ে বাড়ছে উদ্বেগ। উৎসবের মরশুমে দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে ফের পথে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি পানাগড় বাজার এলাকাতেও পদযাত্রার মাধ্যমে পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়।

দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় মণ্ডল এবং সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনন্ত রায়। পুলিশ আধিকারিকদের নেতৃত্বে পদযাত্রায় পথনিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়। সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়। পুজোর সময় রাস্তায় যানবাহনের চাপ যেমন বাড়ে, তেমনই উৎসবের আনন্দে অনেক সময় অসতর্ক হয়ে পড়েন চালক ও বাইক আরোহীরা।

দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো এবং ট্রাফিক নিয়ম না মানার মতো প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে জাতীয় সড়ক ও শহরের ব্যস্ত রাস্তাগুলিতে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে শুধু দুর্ঘটনার পর পদক্ষেপ নয়, দুর্ঘটনা এড়াতে সচেতনতা গড়ে তোলার উপরেও জোর দিচ্ছে পুলিশ।
