দুর্গাপুরে এবার রামমন্দির থিম! ক্ষুদিরাম মাঠে ‘ইচ্ছে পূরণ’-এর মণ্ডপ অযোধ্যার আদলে, ‘স্বপ্নপূরণ’ বললেন লক্ষ্মণ ঘরুই

দুর্গাপুর:- রথযাত্রার শুভদিন। আর সেই দিনেই খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল শারদোৎসবের কাউন্টডাউন। দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার ক্ষুদিরাম মাঠের ‘ইচ্ছে পূরণ’ সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবার চতুর্থ বর্ষে পা দিল। আর এবারের মূল আকর্ষণ – অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। এই পুজোর মূল উদ্যোক্তা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তিনি জানান, অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভাবনা তাঁর বহুদিনের স্বপ্ন।










১৯৯০ সালে অযোধ্যা আন্দোলনে গিয়ে বেনারস জেলে বন্দিও ছিলেন তিনি। ১৯৯২ সালে মুক্তির পর থেকেই মাথায় ছিল রামমন্দিরের আদলে পুজোর পরিকল্পনা। এবার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। প্রথম তিন বছরে পুজো করতে গিয়ে একাধিক প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু এখন পরিস্থিতির বদল হয়েছে। এবার বিপুল জনসমাগম হবে বলে আশা করছি। দুর্গাপুর সহ আশপাশের সকলকে পুজো দেখতে আসার আহ্বান জানাচ্ছি।প্রসঙ্গত, গত বছরগুলিতে এই পুজোর উদ্বোধনে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মতো নেতারা।
এ বছরও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিজেপির সাংসদ ও বিধায়কদেরও আসার সম্ভাবনা রয়েছে বলে কমিটি সূত্রে খবর।রথযাত্রার দিনে হওয়া খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী দিবাকর ঘরামী, দুর্গাপুর পুরনিগমের কমিশনার, মহকুমাশাসক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উদ্যোক্তাদের লক্ষ্য দুর্গাপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে এবার উৎসবকে আরও বৃহৎ পরিসরে করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *