দুর্গাপুর:- রথের রশিতে ভক্তির টান। আর সেই শুভদিনেই খুঁটিপুজোর মাধ্যমে বেজে গেল শারদোৎসবের দামামা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ঐতিহ্যবাহী চতুরঙ্গ সার্বজনীন দুর্গাপুজো কমিটি এ বছর পা রাখল ৩৯ বছরে। কিন্তু এবার থিমের থেকেও বড় চমক দিচ্ছে পুজো কমিটি। ভিআইপি সংস্কৃতি ভেঙে পুরো উৎসবকে করে তোলা হচ্ছে “সর্বজনের”। এবারের মূল আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ। প্রেম, ভক্তি আর সৌন্দর্যের মেলবন্ধন থাকবে মণ্ডপ জুড়ে। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হবে প্রচলিত উপকরণই। সাশ্রয়ী কিন্তু নান্দনিকতার ছোঁয়া থাকবে প্রতিটি কোণে। প্রতিমা গড়ার দায়িত্বে রয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট শিল্পী অরুণ পাল। ঐতিহ্যবাহী ডাকের সাজে সেজে উঠবে মা দুর্গা। চতুরঙ্গ কমিটির সভাপতি সুদীপ দত্ত রায় জানিয়েছেন, এবার পুজোর ভাবনাতেই বদল আনা হয়েছে।

এতদিন যে তথাকথিত ‘ভিআইপি সংস্কৃতি’কে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান হত, এবার সেটা ভেঙে দেওয়া হচ্ছে। আমরা চাই এই পুজো প্রকৃত অর্থেই সর্বজনের হয়ে উঠুক। দুর্গাপুরের শিল্পী, সংস্কৃতি ও সাধারণ মানুষের অংশগ্রহণেই উৎসবের আবহ তৈরি হোক।” তিনি আরও বলেন, অতীতে অনেককে আমন্ত্রণের পরিধির বাইরে রাখা হলেও এবার এলাকাজুড়ে মাইকিং করে সকলকে ডাকা হয়েছে। খুঁটিপুজোর দিনের স্বতঃস্ফূর্ত ভিড়ই তার প্রমাণ। এবার পুরো সাংস্কৃতিক মঞ্চ কাঁপাবেন দুর্গাপুরের স্থানীয় শিল্পীরাই।উদ্যোক্তাদের লক্ষ্য স্পষ্ট – থিম, স্থানীয় শিল্পীদের প্রাধান্য এবং সর্বজনীন অংশগ্রহণ। এই ত্রিবেণী সঙ্গমের মাধ্যমেই এবার ৩৯ তম বর্ষের চতুরঙ্গকে ব্যতিক্রমী করে তুলতে চান তাঁরা।
পুজো কমিটির বার্তা, “পুজো মানে শুধু দেখা নয়, পুজো মানে মিলন। চতুরঙ্গ সেই বার্তাই দিচ্ছে।
