সংবাদদাতা,দুর্গাপুরঃ বুধবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ‘রোজগার মেলা’র। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা,প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই ‘রোজগার মেলা’ থেকে মোট ৩০৯ জন চাকরি প্রার্থীকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এদের অনেকেই স্থানীয় তরুণ-তরুণী রয়েছেন বলে জানা গেছে।

রোজগার মেলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুন্নমবলম জানান,সরকারের তরফে সারা বছরই এই ধরনের কর্মসংস্থান ভিত্তিক মেলার আয়োজন করা হয়ে থাকে। এর প্রধান উদ্দেশ্যই হল প্রশিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই বিশেষ অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম,দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিক।
