সংবাদদাতা দুর্গাপুর : কলকাতা ও তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পর দুর্গাপুরের একাধিক হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও দমকল বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি এলাকায় একাধিক হোটেলে অভিযান চালায় দমকল বিভাগ। অভিযানে গিয়ে একাধিক হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বেহাল ছবি সামনে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

কোথাও পর্যাপ্ত অগ্নিনির্বাপক সামগ্রী নেই, কোথাও নেই বিকল্প বেরোনোর গেট। আবার কোথাও ফায়ার স্প্রিংকলার নেই, এমনকি কয়েকটি হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে অভিযোগ। বেশ কিছু জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রয়োজনীয় পাইপলাইন নেই। এমনকি কোথাও কোথাও দমকলের গাড়ি ঢোকার পর্যাপ্ত রাস্তা নেই বলেও জানা গিয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরিয়েছে দমকল বিভাগ।
