দুর্গাপুর: চোখে বিশ্বজয়ের স্বপ্ন। দেশের হয়ে সোনা জয়ের লক্ষ্যে এবার দুর্গাপুর থেকে উজবেকিস্তানের তাসখন্দে পাড়ি দিতে চলেছে ১০ বছরের খুদে কিকবক্সার আরাধ্যা দিবস। আগামী ১৩ অক্টোবর কিকবক্সিং বিশ্বকাপে অংশ নিতে রওনা হবে সে।
এর আগেও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছে আরাধ্যা। ২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়ে জোড়া সোনার পদক জিতে দেশে ফিরেছিল এই খুদে প্রতিভা। এবার লক্ষ্য আরও বড়—উজবেকিস্তানের মাটিতে দেশের জন্য সাফল্য এনে দেওয়া।

আরাধ্যার এই স্বপ্নপূরণের যাত্রায় এবার পাশে দাঁড়াল গোপালপুর ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি। আরাধ্যাকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানোর পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক অনুদানও।
একাডেমির প্রশিক্ষক রাজেশ ভান্ডারী জানান, প্রতিভাবান খুদে খেলোয়াড়দের এগিয়ে যেতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তাই তাঁদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়া এবং স্বপ্নপূরণের পথে সহযোগিতা করাই এই উদ্যোগের লক্ষ্য।
আরাধ্যার চোখ এখন তাসখন্দের দিকে। আন্তর্জাতিক মঞ্চে ফের দেশের পতাকা উড়িয়ে সোনা জয়ের স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুরের এই খুদে কিকবক্সার।
