দুর্গাপুর: পুজোর আগে আচমকাই পুকুরের জলে ভেসে উঠল একের পর এক মৃত মাছ। সঙ্গে গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ল তীব্র দুর্গন্ধ। জলাশয়ের জলে বিষাক্ত কোনও পদার্থ বা রাসায়নিক মেশানো হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পোদ্মার পুকুর এলাকার।স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পুরনো এই জলাশয়টি এলাকার মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি আশপাশের জঙ্গল থেকে বন্যপ্রাণীরাও এখানে জল পান করতে আসে বলে জানিয়েছেন বাসিন্দারা। ফলে আচমকা মাছের মড়ক নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বৃহস্পতিবার সকালে পুকুরের জলে অসংখ্য মাছ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। মাছ মরে ভেসে ওঠার পাশাপাশি পুকুরের চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগও ওঠে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। কী কারণে মাছের মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, ঘটনায় সরব হয়েছে বিজেপি। দলের বুথ সভাপতি বাপ্পা গরাইয়ের অভিযোগ, পুজোর আগে পরিকল্পিতভাবে পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানো হয়ে থাকতে পারে। তাঁর দাবি, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে পুকুরের জলে সত্যিই কোনও বিষাক্ত পদার্থ বা রাসায়নিক মেশানো হয়েছিল কি না, তা তদন্ত এবং প্রয়োজনে জলের নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে।
