সিসিটিভিও বাঁচাল না! কনিষ্ক মার্কেটে পরিকল্পিত চুরিতে প্রশ্নের পাহাড়

সংবাদদাতা , দুর্গাপুর:— দুর্গাপুরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনিষ্ক মার্কেট-এ দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে একটি ওষুধের দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা নগদ প্রায় ২৫ হাজার টাকা-সহ বেশ কিছু দামী ওষুধ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার প্রমাণ মুছে ফেলতেই দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে পরিকল্পিত এই চুরির নেপথ্যে কি আগাম রেইকি ছিল? নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি কি আগাম জানা ছিল চোরেদের?

শুক্রবার সকালে দোকান খুলতেই মালিকের চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র। সন্দেহ হতেই তিনি বিষয়টি জানিয়ে দেন পুলিশকে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। টিনের চাল কেটে ঢোকার এই কৌশল নতুন নয়, তবে ব্যস্ত বাজার এলাকায় এমন ঘটনা কি নিরাপত্তা ব্যবস্থার ঢিলেমির দিকেই ইঙ্গিত করছে? রাতে পাহারার ব্যবস্থা কি যথেষ্ট ছিল? সিসিটিভির হার্ডডিস্ক লোপাট হয়ে যাওয়ায় তদন্তে আদৌ কতটা সহায়তা মিলবে সেই প্রশ্নও উঠছে জনমানসে।বারবার এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নগদ টাকা ও দামী ওষুধের পাশাপাশি যদি প্রমাণই উধাও হয়ে যায়, তাহলে অপরাধীরা কি আরও বেপরোয়া হয়ে উঠবে? বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে কি নতুন করে ভাবার সময় এসে গেল না?কনিষ্ক মার্কেটের এই চুরির ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু তালা বা সিসিটিভি থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। প্রশ্ন উঠছে নজরদারি ও রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। এখন তদন্ত কতদূর এগোয়, তার দিকেই এখন তাকিয়ে শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *