সংবাদদাতা,দুর্গাপুরঃ ২০২৫ সালে তাইল্যান্ডের ব্যাঙ্ককে বিশ্ব কিক বক্সিং থেকে ২টি সোনা জিতেছিল দুর্গাপুরের ক্ষুদে প্রতিভা আরাধ্যা ধীবর। এবছর উজবেকিস্তানে অনুষ্ঠিত কিক বক্সিং বিশ্বকাপে মোট ৬টি ইভেন্টে ৪টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করেছে দুর্গাপুরের কিক বক্সার আরাধ্যা। ইয়াঙ্গার ক্যাটাগরিতে ১টি স্বর্ণ,১টি রৌপ্য,২টি ব্রোঞ্জ পদক লাভ করেছে ১০ বছর বয়সী এই খুদে খেলোয়াড়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে মোট ৩০৪৩ জন প্রতিযোগী অংশ নেন। সেখানে দেশের প্রতিনিধিত্ব করে পদক জিতে এই কৃতিত্ব অর্জন করে আরাধ্যা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে মোট ১৯ জন খেলোয়াড়। এর মধ্যে বাংলা থেকে আরাধ্যা সহ মোট ২ জন অংশগ্রহনের সুযোগ পায়। আরাধ্যার এই সফর মোটেও সহজ ছিল না। তার পথের বাধা হয়ে উঠেছিল অর্থাভাব। বিমান ভাড়া,রেজিষ্ট্রেশন সহ মোট বাজেট লক্ষাধিক অর্থ। তবে আর্থিক বাধা থাকলেও তার স্কুল,কিছু সংস্থা ও সমাজসেবী এগিয়ে আসে। আরাধ্যার পদক জয়ের পেছনে বিশেষ হাত আছে তার কোচ ঈশ্বর মাঝির। তিনি স্পেশ্যাল ট্রেনিং দেন আরাধ্যাকে যা আন্তর্জাতিক মানের। কোচ ঈশ্বর মাঝির কথায়,কম সময়ে আরাধ্যা নিজের কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্ব স্তরে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। মেয়ের এই সাফল্যে গর্বিত তার বাবা চিরঞ্জিত ধীবর ও মা কাকলি ধীবর। তারা জানান, সরকারিভাবে সহযোগিতা পেলে আরাধ্যা দেশের জন্য আরও সম্মান নিয়ে আসতে পারবে।
