মাইকিং করে প্রতিশ্রুতি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর: বিধাননগর সরকারি হাউজিং কলোনিতে অসহনীয় পানীয় জলের পরিস্থিতি । ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েকদিন ধরে কার্যত জলবিহীন। অভিযোগের তীর সোজা দুর্গাপুর নগর নিগমের গাফিলতি, উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতার দিকে।দুর্গাপুর নগর নিগম চলতি মাসের ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত জলের পাইপলাইন মেরামতির জন্য মাইকিং করে জল সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছিল। কিন্তু এখন ২৪ তারিখ পেরিয়ে যাওয়ার পরও বহু পরিবার এক ফোঁটা জল পাচ্ছে না।বাসিন্দাদের প্রশ্ন
“দুর্গাপুর নগর নিগম মাইকিং করে ঘোষণা করতে পারে, কিন্তু প্রতিশ্রুতি রাখার সময় তাঁরা কোথায় গায়েব হয়ে যায়?”জল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষজন। বহু পরিবারের মহিলা সদস্যদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত কল খুলে বসে থাকতে হয়, কিন্তু জল আসে না। এর জন্য তাঁরা দায়ী করছেন হাউজিং দফতরের কিছু ভালভম্যানের অনিয়ম এবং নগর নিগমের পুরোপুরি ব্যর্থ প্রশাসনিক ব্যবস্থাকে।এই ক্ষোভেই সোমবার দুপুরে বাসিন্দাদের একাংশ হাউজিং অফিসে ঢুকে তীব্র বিক্ষোভ দেখান। মহিলা নেতৃত্বে পুরো অফিস ঘেরাও করে ক্ষুব্ধ বাসিন্দারা সাফ দাবি জানান
“জল চাই, প্রতিশ্রুতির ভাঁড়ামো নয়!”


এলাকাবাসীদের কথায়“নগর নিগম শুধু ঘোষণা দিতে জানে। কাজের বেলায় একেবারে ঠুঁটো জগন্নাথ! কতবার অভিযোগ করেছি, কেউ পাত্তাই দেয় না। জল ছাড়া মানুষ বাঁচবে কীভাবে, সেটা বুঝতে ওদের এত কষ্ট হয়?”দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব সাফাই দিয়ে জানান, ” পাইপলাইনের কাজ এখনো চলছে, তবে আজকেই শেষ হয়ে হয়ে যাবে। কাল থেকেই জল চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”বিধাননগরের জলের সংকট শুধু অব্যবস্থার ফল নয়, এটি নগর নিগমের দীর্ঘদিনের ব্যর্থতা, অবহেলা এবং মানুষের জীবনের মৌলিকপ্রয়োজনকে উপেক্ষা করার নগ্ন প্রমাণ।যখন জল নিয়ে মানুষের হাঁসফাঁস দশা, তখন নিগমের নিশ্চুপ থাকা আরও ক্ষোভ বাড়াচ্ছে। বাসিন্দাদের একটাই দাবি, নগর নিগমকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করতে হবে, এবং ভবিষ্যতে এমন অত্যাচার আর সহ্য করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *