ডঃ বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন আইএনটিইউসির

সংবাদদাতা,দুর্গাপুরঃ ৬ ডিসেম্বর ভারতীয় সংবিধানের জনক ডঃ বি.আর. আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। এই দিনটি সারা দেশে মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হয়। ডঃ আম্বেদকর ছিলেন একজন বিশিষ্ট নেতা যিনি আধুনিক ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একজন আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ। ভারতীয় সংবিধান প্রণয়নকারী কমিটির সভাপতি হিসেবে ডঃ আম্বেদকর সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, সমতা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। প্রতি বছর তার প্রয়াণ দিবসটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হয়। দুর্গাপুরেও বিভিন্ন সংগঠনের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করে শ্রমিক সংগঠন আইএনটিইউসি। সিটি সেন্টারের ‘সম্প্রীতি সৌধে’ এদিন পশ্চিম বিধানসভা আইএনটিইউসি’র পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানানো হয়। পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা ড.আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,বর্তমান পরিস্থিতিতে যেখানে দেশের সংবিধান বিপন্ন, শোষিত দলিত শ্রেণীর উপর অত্যাচার ক্রমবর্ধমান, সেখানে বাবা সাহেবের প্রণীত সংবিধানকে আমাদের রক্ষা হবে। এখানে ইনটাকের একাধিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে ড.আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *