দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষে জাঁকজমকপূর্ণ সূচনা

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর: নগরবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাসাড়ম্বরে শুরু হলো ‘দুর্গাপুর উৎসব ২০২৫’। শুক্রবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী , ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পান্নাভলম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।


এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করা দুর্গাপুর উৎসব চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিকতার ছন্দ এবং জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা সব মিলিয়ে এ বছরও শহরবাসীর জন্য রয়েছে বিশেষ চমক।
উৎসবের প্রথম দিনেই তারকাময় আয়োজন টলিউড সুপারস্টার জিৎ এবং তাঁর মিউজিক্যাল ট্রুপের পরিবেশনা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে সমাপনী দিনে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাভেদ আলী। তাঁর সুরের জাদুতে শহরবাসী নতুন রোমাঞ্চের অপেক্ষায়।
উদ্বোধনের দিন আরও এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকল দুর্গাপুর। এদিন ফিতে কেটে দুর্গাপুর প্রেস ক্লাব প্যাভিলিয়নের শুভ সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি প্রকাশিত হয় দুর্গাপুর প্রেস ক্লাব সম্পাদিত বার্ষিক প্রকাশনা ‘উৎসবের আলো’ যেখানে দুর্গাপুর উৎসবের নানান খুঁটিনাটি, ইতিহাস ও আয়োজনের বিবরণ তুলে ধরা হয়েছে।

সাংস্কৃতিক চেতনা, সংগীত, শিল্পকলা ও মানুষের মিলনমেলা, দুর্গাপুর উৎসব ইতিমধ্যেই শহরের অন্যতম গর্বে পরিণত হয়েছে। তৃতীয় বর্ষে পা রেখেও তার আভা আরও উজ্জ্বল, আরও সুশৃঙ্খল। শিল্পনগরী দুর্গাপুর আগামী দশদিন ধরে সাজবে আলোর, রঙের ও সুরের নবতর উৎসবে। যা শুধু বিনোদন নয়, বরং শহরের সংস্কৃতি আত্মারই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *