সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ পালা বদলে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রধান লক্ষ্যই হল বাংলাকে ফের শিল্পে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই লক্ষ্যে সরকারের তরফে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক শিল্পবাণিজ্য সম্মেলন করেছেন। শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার আহ্বান জানিয়ে চলেছেন। একইভাবে রাজ্যের শিল্প মন্ত্রী তাপস রায়ও বাংলার শিল্পের প্রসারে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছেন। সম্প্রতি,খনি অঞ্চলে শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা এলাকার গুলমোহর ক্লাবে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। বৈঠকে পাণ্ডবেশ্বরকে শিল্প বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে শিল্পপতিদের সেখানে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাবলাম ছাড়াও দুর্গাপুর পূর্ব,দুর্গাপুর পশ্চিম, বারাবনি, রানীগঞ্জ ও জামুড়িয়ার বিজেপি বিধায়কেরা। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে আয়োজিত এই শিল্প বৈঠকে মূলত খনি-নির্ভর এই অঞ্চলে শিল্পের পরিকাঠামো গড়ে তোলা,নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং শিল্প স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পপতিদের উদ্দেশে পাণ্ডবেশ্বরে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় এবং নতুন শিল্প গড়ে তুলতে তাঁদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শিল্পমন্ত্রী তাপস রায় বলেন,সরকারের লক্ষ্য হলো খনি অঞ্চলের অর্থনীতিকে আরও বহুমুখী করে তোলা এবং শিল্প বিনিয়োগের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
