এসি সারাই করতে গিয়ে মৃত্যুফাঁদ! বামুনাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যুবক

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর:— কর্মস্থলে নিরাপত্তার অভাব কি ফের একবার প্রাণঘাতী হয়ে উঠল। কাঁকসার বামুনাড়ার তপবন সিটি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক যুবক। আহত যুবকের নাম প্রভাত অধিকারী, তিনি আসানসোলের বাসিন্দা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্র মারফত খবর, শনিবার ওই এলাকার একটি বহুতল আবাসনে এসি মেরামতির কাজ করছিলেন প্রভাত। সেই সময় আচমকাই একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি উপর থেকে নিচে পড়ে যান। প্রবল বিদ্যুৎস্পৃষ্টে তাঁর শরীর ঝলসে যায় এবং জামাকাপড়ে আগুন ধরে যায়। প্রশ্ন উঠছে, কাজের আগে কি বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছিল? বহুতলে কাজ করার সময় সেফটি গিয়ার ব্যবহার করা হয়েছিল কি? দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বা আবাসন কর্তৃপক্ষের নজরদারি কোথায় ছিল? এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তো? ঘটনার পরই কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ দ্রুত ছুটে আসে। এলাকাবাসীদের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় প্রভাত অধিকারীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ ভর্তি করানো হয়।

স্থানীয় বাসিন্দা শ্রাবন্ত খাঁর অভিযোগ, “বেশ কিছুদিন আগেই এক মিস্ত্রি এখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আজকেও একজন কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বার বার একই ঘটনা ঘটে চলেছে। পুলিশ প্রশাসন সবাই আসেন কিন্তু কোনো ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে না। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক তার রয়েছে। যেকোন মুহুর্তে তার ছিঁড়ে পড়ে গেলেই বিপদ। আজ একজন মারা গেছেন, কাল অনেকেই মারা যেতে পারেন।

সামনেই বাজার, ব্যাঙ্ক, এটিম রয়েছে, প্রচুর মানুষের সমাগম হয় এই জায়গায়।” এই ঘটনা ফের একবার কর্মস্থলেরর নিরাপত্তা ও নজরদারির ঘাটতির প্রশ্ন তুলছে। আপাতত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ জরুরি বলেই মত ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *