শিশু মনের রঙে রাঙালো বিধান নগর বিধান স্মৃতি মঞ্চ

সংবাদদাতা ,দুর্গাপুর:—বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে কচিকাঁচা শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সকালে দুর্গাপুর বিধান নগরের বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ৫০০ জন শিশু অংশগ্রহণ করে। মূলত শিশুদের সৃজনশীলতার মধ্য দিয়েই স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।আয়োজকদের তরফে জানানো হয়, আগামী ১২ই জানুয়ারি স্বামীজীর জন্মতিথিকে কেন্দ্র করে দিনভর যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই সূচনা হল এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য তথা এলাকার প্রাক্তন কাউন্সিলার দীপঙ্কর লাহা জানান,

“১২ই জানুয়ারির আগের রবিবার অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা স্বামীজীর জন্মতিথি উদযাপনের সূচনা করলাম। শিশুদের অংশগ্রহণ আমাদের উদ্যোগকে আরও অর্থবহ করেছে।”তিনি আরও জানান, ১২ই জানুয়ারি সকাল থেকে স্বামীজীর পূজা-পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর রক্তদান শিবির, দুপুরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য্য।এদিন শিশুদের সৃজনশীল অংশগ্রহণ ও সামাজিক কর্মসূচির সমন্বয়ে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের এই উদ্যোগ স্বামীজীর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক প্রশংসনীয় প্রয়াস হিসেবেই নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *