শীতে কাতর অসহায় মানুষদের পাশে দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি

সংবাদদাতা,দুর্গাপুরঃ বাংলায় প্রকৃতির নিয়মেই ঋতুর পালাবদল ঘটে। ছয় ঋতুর মধ্যে হেমন্তের পর শীতের আগমন ঘটে। প্রকৃতি এক অনন্য রূপ ধারণ করে। শীতের সকালে কুয়াশার চাদর পরিবেশকে করে শুভ্র মনোরম। কুয়াশার চাদর ভেদ করে চারদিকে ঊষার রুপালি আলো ছড়িয়ে পড়ে,তখন বাড়িঘর,গাছপালা ও প্রকৃতি হয়ে উঠে ঝলমল। শীতের সময় আরামপ্রিয় মানুষ লেপ-কাঁথার নিচে কাটাতেই ভালোবাসে। তবে বিত্তবানরা উষ্ণ কাপড় ব্যবহার করে পরিত্রান পেলেও দরিদ্র লোকেরা এর অভাবে সীমাহীন কষ্টে থাকে। হাড়কাঁপানো শীতের মধ্যে তাদের বর্ণনাতীত কষ্টে দিন যাপন করতে হয়। এই রকমই কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতাবোধের উদাহরন তুলে ধরল দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি।

প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজে ব্রতী থাকে এই সংগঠন। তবে,সংস্থার প্রাক্তন সভাপতি স্বর্গীয় সন্তোষ রায়ের অষ্টম পুণ্য তিথিতে দুর্গাপুর শহরের বিভিন্ন অংশে ৫০ জনেরও বেশি অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে আরও একটি উল্লেখযোগ্য সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিলেন সংস্থার সদস্য সদস্যরা। নগর পরিক্রমার মাধ্যমে ঘুরে ঘুরে তারা দুঃস্থ অসহায় মানুষদের চিহ্নিত করে তাদের কম্বল প্রদান করে। কদিন ধরে চলা এই অভিযানের সমাপ্তি ঘটে হোস্টেল অ্যাভিনিউ মার্কেট এলাকায়। এখানে আনন্দ বিহার,পাওয়ার হাউস এবং হোস্টেল অ্যাভিনিউ বস্তির কয়েক ডজন পরিবারকে এই কনকনে ঠান্ডা থেকে মুক্তি দিতে সংস্থার তরফে কম্বল প্রদান করা হয়। ইস্পাত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী বলাই দে এবং আরও এক সমাজসেবী পারস কুশওয়াহার হাত ধরেই তারা এই মহতি কাজ সম্পন্ন করেছে। স্বাভাবিকভাবেই কম্বল পেয়ে অসহায় মানুষগুলির মুখে হাসি ফুটেছে। সামাজিক এই কর্মসূচীকে
সফল করতে অমিত রায়,ওমপ্রকাশ বিশ্বকর্মা,ভিকি সিং,কৃষ্ণা রায়, অমিত চৌধুরী,ছোটকা দাস,মনোজ রজক,অমিতাভ দত্ত এবং উদয় প্রসাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্থার সচিব অমন রায়,লখন পণ্ডিত ও অঙ্কুশ রায় প্রমূখ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *