বিধান চন্দ্র গাঙ্গুলী,দুর্গাপুর:— এসআইআর সংক্রান্ত শুনানি নিয়ে সাধারণ ভোটারদের হয়রানি ও অনিশ্চয়তার অভিযোগ তুলে মানুষের পাশে দাঁড়াতে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। শনিবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাপুরের ভিড়িঙ্গি সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও সচেতনতা অভিযান চালানো হয়।এদিন তৃণমূলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার কথা শোনা হয়, এসআইআর শুনানির নামে যে ভোগান্তির মুখে পড়ছেন ভোটাররা, তা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যে কোনও সমস্যায় দলের তরফে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

রাখি তেওয়ারি (প্রাক্তন কাউন্সিলার)জনসংযোগ অভিযানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্পগুলি তুলে ধরা হয়। সাধারণ মানুষের কাছে সরকারের কাজ ও সুবিধাগুলি পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান তৃণমূল নেতৃত্ব।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর ২ নং ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলার রাখি তেওয়ারি, ২ নং ব্লক যুব তৃণমূলের সভাপতি অজয় দেবনাথ, দু’নম্বর ব্লক সহ-সভাপতি রাজু সিং সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান,“ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল আগেও লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। কোনও ষড়যন্ত্রের মাধ্যমে যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে আমরা সদা সতর্ক।”এসআইআর ইস্যুকে কেন্দ্র করে যখন ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে, তখন মানুষের দুয়ারে পৌঁছে তাঁদের কথা শোনার এই উদ্যোগ রাজনৈতিক কর্মসূচির গণ্ডি ছাড়িয়ে এক ধরনের সামাজিক বার্তাও বহন করছে।
