কুয়াশার সকালে ফের দুর্ঘটনা ইস্পাত নগরীতে, অল্পের জন্য এড়ালো বড় বিপর্যয়

সংবাদদাতা, দুর্গাপুর:—ঘন কুয়াশার আবরণে ঢাকা সোমবারের সকাল। দৃশ্যমানতা কম, অথচ গতির লাগাম ঢিলা, এই দুইয়ের মরণফাঁদে পড়ে দুর্গাপুরে ঘটে গেল মুখোমুখি গাড়ি দুর্ঘটনা। দুর্গাপুর ইস্পাত নগরীর নির্মলা পেট্রোল পাম্প সংলগ্ন রোটারির সামনে আচমকাই সজোরে ধাক্কা লাগে দুটি গাড়ির।

স্থানীয় সূত্রে খবর, এলআইসি মোড় দিক থেকে আসা একটি গাড়ি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন মালিক চক্রধর সদ্দার। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও এক শিশু স্কুলের উদ্দেশেই তাঁদের যাত্রা। ঠিক সেই সময় গান্ধীমোড় দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে রোটারির সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই গাড়িতে ছিলেন সাগর রুইদাস, যিনি কোকওভেন থানা এলাকার ডি.পি.এল কলোনির বাসিন্দা।
সংঘর্ষে একটি গাড়ি তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হলেও, সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। দুটি গাড়ির আরোহীদের অল্পবিস্তর চোট লাগে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘন কুয়াশার মধ্যে একটি গাড়ির অতিরিক্ত গতিই নিয়ন্ত্রণ হারানোর মূল কারণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর সাব ট্রাফিকের ওসি সহ ট্রাফিক আধিকারিকরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই সরিয়ে নেওয়া হয়েছে।

কুয়াশার দিনে গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক বিধি মানা এবং প্রশাসনের কঠোর নজরদারিই পারে এমন দুর্ঘটনা রুখতে। নিরাপদ যাত্রার দায় শুধু প্রশাসনের নয়, প্রতিটি চালকেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *