বাজারের পথে শেষ যাত্রা, প্রশ্নের কাঠগড়ায় বেনাচিতি নাচন রোড

সংবাদদাতা , দুর্গাপুর : ছুটির সকালটা শুরু হয়েছিল নীরবে। বাজারে যাওয়ার সাধারণ এক যাত্রা। অথচ সেই পথেই ওত পেতে ছিল মৃত্যু। বুধবার বেনাচিতির আনন্দ গোপাল মুখার্জি সরণির রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পঞ্চাশোর্ধ্ব আরপিএফ জওয়ান অলক কুমার কুন্ডু । ভিড়িঙ্গি টিএন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা অলকবাবু হাওড়ার কাশীপুরে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন পরিবারের সঙ্গে কিছু শান্ত সময় কাটানোর আশায়। কিন্তু শহরের পথ শান্তি চেনে না।

সকালবেলা বাইক নিয়ে বেনাচিতি বাজারের দিকে যাওয়ার সময় একটি মোটর ভ্যানের পিছনে ধাক্কা লাগে। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় সেই স্বাভাবিক সকাল। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। থেমে যায় এক দায়িত্বশীল জীবনের স্পন্দন।ঘটনার পর গোটা ভিড়িঙ্গি এলাকা কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রতিদিন যে পথে মানুষ জীবিকার খোঁজে বের হন, সেই পথে গতি নিয়ন্ত্রণ ট্রাফিক নিরাপত্তা ও নজরদারি কোথায়? একটি মোটর ভ্যানের পিছনে ধাক্কা মানেই কি অনিবার্য মৃত্যু?অলক কুন্ডুর মৃত্যু নিছক একটি দুর্ঘটনা নয়, এ এক নীরব অভিযোগপত্র শহরের পথব্যবস্থার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *