সংবাদদাতা,দুর্গাপুরঃ রবিবার দুর্গাপুর ইস্পাতনগরীর এজোন মেজর পার্কে অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের বার্ষিক পারিবারিক মিলন মেলা। প্রতি বছরই সংগঠনের সদস্য ও তাদের পরিবার নিয়ে বনভোজনের আয়োজন করা হয়। মেজর পার্কের মনোরম পরিবেশে এই আয়োজন হয়ে উঠেছিল প্রকৃত অর্থেই এক পারিবারিক এক মিলন।

খাওয়াদাওয়ার সঙ্গেই ছিল গান বাজনা,খেলা সহ মনোরঞ্জনের নানা আয়োজন। এই ‘মিলন মেলায়’ সংগঠনের সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত। তিনি জানান, “৩৬৫ দিন আমরা সবাই নিজেদের কর্মস্থলে ব্যস্ত থাকি ও মানুষের স্বার্থে আমরা ইউনিয়ন করি তার পেছনে আমাদের পরিবারের একটা বড় ভূমিকা থাকে। তাই,এই একটা দিন পরিবারের সবাই কে নিয়ে প্রতি বছর এই ‘মিলন মেলার’ আয়োজন করি। সারাদিন সবাই একসঙ্গে আড্ডা,গল্প করার পাশাপাশি কেউ কেউ আবৃত্তি,কবিতা,গানও পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। থাকে বিভিন্ন খেলার আয়োজন। সঙ্গে থাকে সবার জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন”। সংগঠনের সদস্যরাও এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের এই বার্ষিক ‘মিলন মেলায়’ আমন্ত্রিত ছিলেন সাংবাদিকরাও। সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলের তোড়া,স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। ইউনিয়নের পক্ষে মিডিয়ার দায়িত্বে থাকা পার্থ বিশ্বাসকেও এখানে সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার।
