দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার ল্যাপারোস্কপি সার্জারি মেশিন

সংবাদদাতা,দুর্গাপুরঃ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সব আধুনিক মেশিন প্রয়োজন হয়,দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিগত সময়ে সেগুলির মধ্যে অনেকগুলিও আনা হয়েছে। কিছুদিন আগেই এখানে বসানো হয়েছে রক্ত পৃথক করার মেশিন। এবার মহকুমা হাসপাতালে চালু হল ল্যাপারোস্কপি সার্জারির মেশিন। গতকাল এখানে ল্যাপারোস্কপি ইউনিটটি ইনস্টল করা হয়। শনিবার রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রালের সহযোগিতায় এবং ইংল্যান্ডের ওয়ালশেল স্যান্ডলার্স রোটারি ক্লাবের সহযোগিতায় অত্যাধুনিক এই ল্যাপারোস্কপি ইউনিট বসানো হয়েছে। তারজন্য প্রায় ৭০ লক্ষ খরচ হয়েছে। এই ইউনিট চালু হয়ে গেলে অ্যাপেন্ডিক্স, হার্নিয়া,জরায়ুর টিউমার,পিত্তথলির পাথর — এই ধরনের রোগের ক্ষেত্রে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালেই খুব কম খরচে অত্যাধুনিক ল্যাপারোস্কপি সার্জারি করা যাবে। পেটে খুব ছোট ছিদ্র করে তার মধ্যে ক্যামেরা ও সরু যন্ত্র ব্যবহার করে অপারেশন করা হবে। তাতে বেশি রক্তক্ষরণ হবে না। রোগীও কম সময়ে সুস্থ হয়ে উঠবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার রোটারি ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প নিঃসন্দেহে সাধারন মানুষের চিকিৎসার ক্ষেত্রকে অনেকটাই সহজলভ্য করে তুলবে। একই সঙ্গে তিনি জানান, দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই নতুন পরিষেবা চিকিৎসাক্ষেত্রে বহু মানুষের জীবনকে আরও সুরক্ষিত করবে। অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন এডিডিএর চেআরম্যান ও মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত,পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত,রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রালের সভাপতি মন্তার সিং,হাসপাতালের সুপার ধীমান মন্ডল প্রমূখ। সুপার জানিয়েছেন,আগে মেশিন প্রস্তুতকারক সংস্থার তরফে ডেমো দেওয়া হবে,তার পরে কয়েকদিনের মধ্যে অস্ত্রোপচার শুরু করা হবে। কবি দত্ত বলেছেন, এই হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া চলছে। এই কাজ আগামী দিনেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *