৩৩ নম্বর ওয়ার্ডে জনমুখী প্রকল্পের উদ্বোধন

সংবাদদাতা , দুর্গাপুর : রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় দুর্গাপুর নগর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হলো। রবিবার, আনুষ্ঠানিকভাবে এই কাজগুলির উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব।এদিন প্রথম পর্যায়ে ১৭১, ১৭২, ১৭৫ ও ১৭৬ এই চারটি বুথে উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। এলাকার দীর্ঘদিনের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা সমাধানের লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি, ৩৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন এমএমআইসি ও কো-অর্ডিনেটর মানি সোরেন, প্রাক্তন কাউন্সিলর হীরা বাউরি, ৩৩ নম্বর ওয়ার্ডে দুই কনভেনার ও দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।এদিন বিভিন্ন পাড়ায় ঘুরে সাধারণ মানুষ নিজেরাই এসে কাজের সূচনাকে স্বাগত জানান। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে, এই আশায় খুশির আবহ দেখা যায় গোটা এলাকায়। স্থানীয়দের মতে, এই কাজগুলি সম্পন্ন হলে পাড়ার দৈনন্দিন সমস্যা অনেকটাই মিটবে।‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে ৩৩ নম্বর ওয়ার্ডে যে উন্নয়ন কাজের সূচনা হলো, তা কেবল পরিকাঠামোর উন্নয়নই নয়, পাড়াভিত্তিক সমস্যার সমাধানে প্রশাসনের সক্রিয় ভূমিকারও ইঙ্গিত দেয়। এখন দেখার, নির্ধারিত সময়ে কাজ শেষ হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *