পথে পথেই নিরাপত্তার আশ্বাস, বাসযাত্রী মহিলাদের পাশে দুর্গাপুর ট্রাফিক পুলিশ

সংবাদদাতা ,দুর্গাপুর : নারী সুরক্ষাকে আরও দৃঢ় ও কার্যকর করতে এক প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ নিল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। সোমবার দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় দূরপাল্লার একাধিক বাসে সরাসরি উঠে মহিলা যাত্রীদের হাতে বিশেষ হেল্পলাইন নম্বর লেখা কার্ড তুলে দেওয়া হয়।বাসের ভিড়, যাত্রার ক্লান্তি আর অচেনা পথ, সবকিছুর মাঝেই হঠাৎ এই উদ্যোগ যেন অনেক মহিলার মনে এনে দিল একরাশ স্বস্তি। যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খুশি ও আশ্বাসের কথা জানান।

এদিন মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক-সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকরা প্রত্যেকটি বাসে উঠে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে হেল্পলাইন নম্বর লেখা কার্ড তুলে দিয়ে জানানো হয়, বাসযাত্রার সময় বা যাত্রাপথে কোনওরকম অসুবিধা, হয়রানি কিংবা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফোন করলেই পুলিশি সহায়তা পৌঁছে দেওয়া হবে।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দূরপাল্লার বাসে যাতায়াতের সময় অনেক মহিলা যাত্রীই নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু হেল্পলাইন নম্বর বিতরণেই বিষয়টি সীমাবদ্ধ রাখা হয়নি; জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত পুলিশের সাহায্য নিতে হবে, সেই বিষয়েও যাত্রীদের বিস্তারিতভাবে বোঝানো হয়।

নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি বিশ্বাসেরও। দুর্গাপুর ট্রাফিক পুলিশের এই উদ্যোগ সেই বিশ্বাসকে আরও মজবুত করল। যাত্রাপথে হাতে থাকা একটি ছোট কার্ড, একটি ফোন নম্বর কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে বড় ভরসা।
এই উদ্যোগ যদি নিয়মিত ও বিস্তৃত আকারে চালু থাকে, তবে শহরের পথচলা নারীদের কাছে বাসযাত্রা আরও নিশ্চিন্ত ও নিরাপদ হয়ে উঠবে, এই আশাই আজ দেখছে দুর্গাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *