সংবাদদাতা , দুর্গাপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নিরাপত্তা, সম্মান ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে আয়োজিত হল সচেতনতামূলক র্যালি। রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। শহরের সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন একাধিক মহিলা পুলিশকর্মী।র্যালিতে নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা তুলে ধরা হয়। মহিলা পুলিশকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সিটি সেন্টার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রূপালী ব্যানার্জি। তাঁদের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বহু মহিলা পুলিশকর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেন।রূপালী ব্যানার্জি জানান,

নারী দিবস শুধু একটি উদযাপনের দিন নয়, বরং সমাজে নারীদের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। তিনি বলেন, সমাজে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য সকলকেই সচেতন হতে হবে এবং এই ধরনের উদ্যোগ সেই সচেতনতা বাড়াতে সহায়ক।র্যালির সময় পথচলতি মানুষের মধ্যেও এই কর্মসূচি নিয়ে আগ্রহ দেখা যায়। অনেকেই নারী সুরক্ষা ও সম্মানের বার্তাকে সমর্থন জানান।আন্তর্জাতিক নারী দিবসে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ সচেতনতার বার্তাকেই আরও জোরালো করে তুলল। এমন উদ্যোগ সমাজে নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার ভাবনাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন অনেকেই।
