সংবাদদাতা, দুর্গাপুর : চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর প্রায় এক ঘণ্টা চিকিৎসা না পেয়ে ফেলে রাখা হয় ওই তরুণকে, যার ফলেই তার মৃত্যু হয়েছে।জানা গেছে, নিউ টাউনশিপ থানার এমএএমসি হাসপাতালের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হন অঙ্কিত হেলা (২২) সহ দুই বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় অঙ্কিতকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসায় বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।

প্রশ্ন উঠছে গুরুতর জখম রোগীকে কেন তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হল না? হাসপাতালের জরুরি পরিষেবার বাস্তব চিত্র কি এতটাই দুর্বল?ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভে সামিল হন বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলি। তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করেন।যদিও হাসপাতালের এক চিকিৎসক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।অন্যদিকে তৃণমূল নেতা শিপুল সাহা পাল্টা অভিযোগ করে বলেন, এই ঘটনাকে ইস্যু করে বিজেপি নোংরা রাজনীতি করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং গভীর রাত পর্যন্ত হাসপাতালে মোতায়েন থাকে।এক তরুণের মৃত্যু ঘিরে ওঠা এই প্রশ্নগুলো শুধুই একটি ঘটনার সীমাবদ্ধ নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল দুর্গাপুরে।
