সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী লড়াই যত এগোচ্ছে, ততই সামনে আসছে বিভিন্ন প্রতিশ্রুতি ও পরিকল্পনা। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন দুর্গাপুরের অম্বুজা এলাকায় অবস্থিত নির্বাচনী অফিস থেকে।ইশতেহারে তিনি মূলত কর্মসংস্থান, পরিকাঠামো ও জনসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর দাবি, রাজনীতির বাইরের জগৎ থেকে এসে তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখেছেন বেকারত্ব। সেই সমস্যার সমাধানে নতুন শিল্প স্থাপন করে যুব সমাজের জন্যকর্মসংস্থানের সুযোগ তৈরি করার আশ্বাস দিয়েছেন।এছাড়াও তিনি ঘোষণা করেন ‘কর্মভূমি’ নামে একটি পোর্টাল চালু করা হবে, যার মাধ্যমে স্থানীয় যুবকদের জন্য চাকরির সুযোগ বাড়ানো হবে। শিল্পক্ষেত্রে নির্দিষ্ট হারে স্থানীয়দের জন্য চাকরি সংরক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।

ক্ষুদ্র ও অসংগঠিত হকারদের পুনর্বাসন, পরিবেশ রক্ষায় উদ্যোগ এবং দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও তাঁর ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতি দেন কবি দত্ত। দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা এবং স্কুলের ফি নিয়ন্ত্রণে এনে সবার জন্য সুলভ শিক্ষার ব্যবস্থা করার কথা জানান তিনি।এছাড়া পুনর্বাসন সংক্রান্ত জমির নবীকরণ, মিউটেশন ও পাট্টা প্রদান প্রক্রিয়া দ্রুত করার প্রতিশ্রুতিও দেন।পরিকাঠামোর উন্নয়নে বড় ঘোষণা হিসেবে দুর্গাপুরে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাস তৈরির কথাও উল্লেখ করেন তিনি।সব মিলিয়ে, কর্মসংস্থান থেকে শুরু করে নাগরিক পরিষেবা—বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরলেন তৃণমূল প্রার্থী।
