সংবাদদাতা দুর্গাপুর : ২৭৬ নম্বর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ৪৮ নম্বর বুথে, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। ভোট দেওয়ার পর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের জয় অনিবার্য।ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে এদিন সরব হন তিনি। নির্বাচন কমিশনের গাইডলাইনের কথা উল্লেখ করে কীর্তি আজাদ বলেন, কোনও ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এটাই নিয়ম। কিন্তু বাস্তবে কিছু ক্ষেত্রে ভোটারদের বাদ পড়ার অভিযোগ সামনে আসছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “ভোট কোনও লেনদেন নয় যে আজ না হলে কাল দেওয়া যাবে গণতন্ত্রে প্রতিটি ভোটের গুরুত্ব সমান।”

রাজ্যে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ। তাঁর দাবি, লোকসভা নির্বাচনে সারা দেশে যেখানে প্রায় ৩.৪ লক্ষ বাহিনী মোতায়েন করা হয়েছিল, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রায় ২.৪ লক্ষ বাহিনী পাঠানো হয়েছে। এই অতিরিক্ত মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
