দুর্গাপুর : দুর্গাপুর শিল্পনগরী দুর্গাপুরে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। জানা গিয়েছে, এই বৈঠকে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিভিন্ন জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা,

পরিকাঠামো উন্নয়ন, শিল্প প্রসার ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।সভাকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যেই সৃজনী প্রেক্ষাগৃহ চত্বর ও সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।শিল্পাঞ্চল দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনের প্রশাসনিক রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
