সংবাদদাতা দুর্গাপুর : শিল্পশহর দুর্গাপুরের ঐতিহ্যবাহী বীরবানপুর মহাশ্মশান এবার পেল নতুন রূপ, নতুন পরিকাঠামো, নতুন মর্যাদা। মানুষের শেষযাত্রার এই পবিত্র ভূমিকে সম্মান জানিয়ে ৩০ লক্ষ টাকার ব্যয়ে ব্যাপক সংস্কার কাজ সম্পূর্ণ করল দুর্গাপুর নগর নিগম।অপ্রতুল আলো এবং পরিকাঠামোর অভাবে যে মহাশ্মশান বারবার প্রশ্নের মুখে পড়েছিল, আজ সেখানে দৃশ্যমান উন্নয়নের দৃঢ় ছাপ।

নির্মিত হয়েছে আধুনিক শ্মশানযাত্রী প্রতীক্ষালয়, স্থাপন করা হয়েছে হাই মাস্ট লাইট, তৈরি হয়েছে নতুন প্রবেশদ্বার এবং শবদেহ সংরক্ষণের জন্য পৃথক স্থান।
এ এক মানবিক দায়বদ্ধতার পুনর্নির্মাণ। কারণ মৃত্যুর মুহূর্তে পরিবার চায় সম্মান, চায় ন্যূনতম স্বস্তি। সেই প্রয়োজনের প্রতি দায়িত্বশীল প্রশাসনের উত্তরই এই সংস্কার। এদিন ফিতে কেটে মূল প্রবেশদ্বারের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, এছাড়াও একদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, কমিশনার আবুল কালাম আজাদ, তিন নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিপুল সাহা এবং তৃণমূল নেতা কল্লোল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান ,বীরবানপুর মহাশ্মশানের এই সংস্কার শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি নাগরিক দায়িত্ববোধের কঠোর ঘোষণা। যে শহর মানুষের শেষকৃত্যে সম্মান দিতে শেখে, সেই শহরই প্রকৃত অর্থে সভ্যতার দাবি রাখতে পারে। দুর্গাপুর নগর নিগম এদিন প্রমাণ করল, উন্নয়ন মানে শুধু দৃশ্যমান চাকচিক্য নয়, উন্নয়ন মানে মর্যাদার অবিচল প্রতিশ্রুতি।
