সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশ জুড়ে ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনা। কিভাবে এই কাজ হবে এবং সেই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়িত করতে দুর্গাপুর নগর নিগমে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নামবলাম। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,পশ্চিম বর্ধমান জেলায় জনগণনার কাজে প্রায় ৭ হাজার কর্মী নিয়োগ করা হচ্ছে।

দুর্গাপুর নগর নিগম এলাকার প্রতিটি বোরো অফিসে প্রশাসনিক আধিকারিকরা বসবেন এবং সেখান থেকেই গোটা প্রক্রিয়ার তদারকি করা হবে। এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল তথা অনলাইন পদ্ধতিতে পরিচালিত হবে। প্রথম ধাপে সাধারণ মানুষ নিজেরাই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে প্রশিক্ষিত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্যের সত্যতা যাচাই করবেন এবং প্রয়োজনে সংশোধন বা সংযোজন করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণনার কাজ যাতে স্বচ্ছ,নির্ভুল এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়,সেজন্য সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
