সংবাদদাতা দুর্গাপুর : আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুরে চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি এই বিশেষ স্কোয়াড শহর ও সংলগ্ন এলাকায় মহিলাদের নিরাপত্তায় নজরদারি চালাবে। দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় এবার ‘দুর্গা’!আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি এই বিশেষ স্কোয়াডের মূল লক্ষ্য মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাহায্য পৌঁছে দেওয়া।

দুর্গাপুরে এই বিশেষ স্কোয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই, ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং-সহ পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।মহিলাদের নিরাপত্তাকে আরও জোরদার করতেই এই বিশেষ উদ্যোগ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্কুটারে করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, রাস্তা এবং জনবহুল এলাকায় নজরদারি চালাবেন মহিলা পুলিশ আধিকারিকরা। কোনও মহিলা সমস্যায় পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়াই এই স্কোয়াডের অন্যতম প্রধান লক্ষ্য।
জানা গিয়েছে, দুর্গা সুরক্ষা স্কোয়াডে থাকছেন প্রশিক্ষিত মহিলা পুলিশ আধিকারিকরা। তাঁরা প্রয়োজনে অস্ত্রসহ রাস্তায় টহল দেবেন। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা বা জরুরি পরিস্থিতিতে ১০০ এবং ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নেওয়া যাবে। এর আগে আসানসোলেও এই বিশেষ স্কোয়াডের সূচনা করা হয়। এবার দুর্গাপুরেও চালু হল দুর্গা সুরক্ষা স্কোয়াড। ফলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিস্তীর্ণ এলাকায় মহিলাদের নিরাপত্তায় আরও সক্রিয় নজরদারি চালানো সম্ভব হবে বলে পুলিশ আধিকারিকদের দাবি।অনুষ্ঠানে পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্যরা নিয়মিত এলাকায় নজরদারি চালাবেন এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেবেন।
