সংবাদদাতা, দুর্গাপুর: অবশেষে আবারও খুলে গেল দুর্গাপুরের বিনোদন ক্ষেত্রে জনপ্রিয় কুমার মঙ্গলম পার্ক। পার্কটির দায়িত্ব যে সংস্থা নিয়েছে তাদের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে ২৫ সেপ্টেম্বর নতুন করে পার্কটি খোলা হবে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শুক্রবার আনুষ্ঠানিকভাবেই পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেইল ডিএসপি-র কার্যনির্বাহী পরিচালক (ইডি – এমঅ্যান্ডএম), বি. এস. পোপলি, ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সিজিএম (টাউনশিপ) পি.কে. সিনহা এবং জিএম (ইলেকট্রিক্যাল) জয়ন্ত বিশ্বাস সহ সেল-এর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত সকল অতিথি ও কর্মকর্তাদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পার্কটি পুনরায় চালু হওয়ায় এবং এটি স্থানীয় টাউনশিপের বাসিন্দাদের জন্য যে নতুন উপহার নিয়ে এসেছে, তাতে কর্মকর্তারা গভীর আনন্দ প্রকাশ করেছেন। আধুনিক সুযোগ-সুবিধা এবং রক্ষণাবেক্ষণে সজ্জিত এই পার্কটি টাউনশিপের সৌন্দর্য আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। পার্কের দায়িত্বে থাকা বেসকারী সংস্থার পক্ষে গীতা নন্দা জানান, শুধু বিনোদন নয়, একই সঙ্গে এখানে বিয়েবাড়ির অনুষ্ঠান,বার্থডে পার্টি সহ নানা সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করার ব্যবস্থা থাকবে। বলা বাহুল্য পার্কটি নতুন করে চালু হওয়ায় দুর্গাপূর্বাসী খুশি।
