নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর নগর নিগমে ওয়ার্ডের সংখ্যা ৪৩ থেকে বাড়িয়ে ৫৩ করার প্রস্তাব নিয়ে সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন SDO অঙ্কিতা আগরওয়াল এবং DMC কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। বৈঠকে তৃণমূলের পক্ষে উজ্জ্বল মুখার্জি ও ধর্মেন্দ্র যাদব, বিজেপির পক্ষে অভিজিৎ দত্ত ও সুমন্ত মণ্ডল, কংগ্রেসের পক্ষে দেবেশ চক্রবর্তী এবং সিপিএমের পক্ষে বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও সিদ্ধার্থ বসু উপস্থিত ছিলেন।

বৈঠকের পর কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, “SIR-এর নামে পশ্চিম বর্ধমান থেকে ৩ লক্ষ ২০ হাজার জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যারা এখানকার ভূমিপুত্র, তাদেরও নাম নেই। ওয়ার্ড ভাগের আগে এই নাম ফিরিয়ে আনতে হবে।” তাঁর হাতে থাকা পোস্টারে “গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার বাঁচাও” স্লোগান দেখা যায়।
সিপিএমের অভিযোগ, খসড়া তালিকায় প্রচুর ভুল রয়েছে এবং ধর্মের ভিত্তিতে ওয়ার্ড ভাঙা হচ্ছে। তৃণমূলের উজ্জ্বল মুখার্জি বলেন, “জনসংখ্যা বৃদ্ধির জন্য ওয়ার্ড বাড়ানো সময়ের দাবি। আমরা প্রশাসনকে সহযোগিতা করব।”
অন্যদিকে বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তাই ভুয়ো ভোটার বাদ যাওয়ায় ওদের গাত্রদাহ হচ্ছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ড পুনর্বিন্যাসের হার্ড কপি সব দলকে দেওয়া হয়েছে। ৯ তারিখের মধ্যে আপত্তি জানানোর শেষ দিন। তারপর ফাইনাল ম্যাপ প্রকাশ করা হবে।
